গত ১৩ অক্টোবর দেশের প্রায় দেড় শতাধিক প্রেক্ষাগৃহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর এবার ভারতেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
এই উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের ন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম মিউজিয়ামে বাংলা ও হিন্দিতে চলচ্চিত্রটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুজিব চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভ এবং ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
ভারতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখতে হাজির হয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তারকা অদিতি রাও হায়দারিসহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র, অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, গুণী অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ প্রমুখ। শেখ মুজিবুর রহমানের জীবন
এদিন পর্দায় সিনেমাটি দেখা শেষে ‘মুজিব’ চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ’র প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷ দু’জনকে হাস্যজ্জল অবস্থায় কথা বলতেও দেখা যায়।
বিশেষ প্রদর্শনীর পর সিনেমাটির পরিচালক শ্যাম বেনেগাল বলেন, ‘অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব-কন্যা ছবিটি পছন্দ করেছেন।’
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের শতাধিক শিল্পী।
