ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায় নি। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, গত ৫৬ বছর ধরে ইসরায়েলের দখলদারিত্বের কারণেই হামাস এ হামলা চালিয়েছে।
মহাসচিব গুতেরেস নিরাপত্তা পরিষদে এমন মন্তব্য করার পর এ নিয়ে ক্ষিপ্ত হয়েছে ইসরায়েল। তারা মহাসচিবের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস বলেছেন, ‘এই মুহূর্তে এই সংঘাত বন্ধ হওয়া উচিত। গাজা স্ট্রিপে আমরা যা দেখছি, তা থেকে পরিষ্কার যে সেখানে আন্তর্জাতিক আইন মানা হচ্ছে না।
তিনি আরও বলেন, ওই অঞ্চলে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে কার্যত পরাধীন হয়ে আছেন। হামাস যে আক্রমণ চালিয়েছে, তা একদিনে তৈরি হয়নি। এই হামাসকে অবশ্য জাতিসংঘ, অ্যামেরিকা, ইউরোপ সকলেই সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস
গুতেরেসের এই মন্তব্যের পর তার কড়া সমালোচনা করেছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরডান বলেছেন, ‘শতাধিক মানুষকে যারা খুন করেছে, পুরুষ, নারী, শিশু কাউকে রেহাই দেয়নি, সেই হামাসকে সমর্থন করেছেন গুতেরেস। জাতিসংঘের প্রধান থাকার আর কোনো অধিকার তার নেই।
জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেন, ‘তার (গুতেরেসের) মন্তব্যের কারণে আমরা জাতিসংঘের প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকার করব। আমরা এরই মধ্যে আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স মার্টিন গ্রিফিথসের ভিসা প্রত্যাখ্যান করেছি। তাদের শিক্ষা দেয়ার সময় এসেছে।
জাতিসংঘের মহাসচিব গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়ার জন্য পরোক্ষভাবে ইসরায়েলের সমালোচনা করে বলেছিলেন, ৭ অক্টোবর ‘এমনি এমনি’ হামলা করেনি হামাস।
