দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত নরসিংদীর শেখেরচর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ২টা ৬মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা হবে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সবচেয়ে বড় পাইকারি বাজার
এর আগে রোববার রাত সোয়া ১১টার দিকে ওই বাজারে আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১টার দিকে ছিট কাপড়পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অর্ধশতাধিক দোকান ভস্মিভূত হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, বাজারের ভেতরে সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে সমস্যা হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। কোনো হতাহতের খবর পাইনি। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
