বাংলাদেশে একটি অবাধ , সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে শর্তহীন সংলাপ চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত সংলাপে বসবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে তফসিল ঘোষণার আগে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হচ্ছে না, সেটি অনেকটাই নিশ্চিত।
এদিকে, বর্তমান সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচনের লক্ষ্যে সামনে এগোচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে রয়েছে বিরোধী দল বিএনপি ও তাদের সমমনা দলগুলো। আর শিগগিরই তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো দিন ভোটের তারিখ জানিয়ে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ঘোষণা করতে পারে সংস্থাটি।
তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংলাপে বসার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। তবে সংলাপে বসতে প্রস্তুত রয়েছে জাতীয় পার্টি।
ঢাকার এক কূটনীতিক জানান, প্রায় বছরখানেক ধরে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিচ্ছে তারা। দেশটির উদ্দেশ্য যাই হোক না কেন, নির্বাচন ইস্যুতে মনে হয় তাদের চেষ্টা অব্যাহত রাখবে তারা। তবে যুক্তরাষ্ট্র চাইলেই তো আর সংলাপ হবে না। সংলাপ হবে কি হবে না তা পুরোপুরি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। বাংলাদেশে একটি অবাধ
