জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে নারী ২৪ জন। প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ২ নারী। তারা হলেন শাম্মী আহমেদ ও নিলুফার আনজুম। শাম্মী বরিশাল-৪ আসনে আর নিলুফার ময়মনসিংহ-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন।
শাম্মী আহমেদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। তার বাবা প্রয়াত মহিউদ্দীন আহম্মেদ। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য। শাম্মী মনোনয়ন পেয়েছেন পঙ্কজ নাথের জায়গায়। ২০০৮ সাল থেকে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ। বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডে নাম আসায় এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আওয়ামী লীগ দলীয় প্রার্থী
ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পাওয়া নিলুফার আনজুম গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার স্বামী প্রয়াত মাহবুবুল হক (শাকিল) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন।
এদিকে গোপালগঞ্জ-৩ আসনে এবারও প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদের মধ্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসনে, সংসদের উপনেতা মতিয়া চৌধুরী শেরপুর-২ আসনে ও শিক্ষামন্ত্রী দীপু মনি চাঁদপুর-৩ আসনে এবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
এ ছাড়া গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন (রিমি), গাইবান্ধা-২ আসনে মাহবুব আরা বেগম, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, মুন্সিগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ, কুমিল্লা-২ আসনে সেলিমা আহমাদ ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আফরোজা বারী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
