ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টিকে (জাপা) সহায়তা করবে। জনবল ও আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও ভোটের মাঠে লাঙ্গল দুর্বল হওয়ায় জাপাকে আগের চেয়ে কম আসন দিতে চায় শাসক দল। সংসদে ‘শক্তিশালী বিরোধী দল’ হতে জাপার প্রত্যাশা ৪০-৫০ আসন হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত দলটিকে ২৫-২৬টির বেশি ছাড়তে রাজি হয়নি আওয়ামী লীগ।
গতকাল রাতে আওয়ামী লীগ ও জাপার জ্যেষ্ঠ নেতাদের বৈঠকের পর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে দাবি করে সূত্র আরও জানায়, আওয়ামী লীগ প্রত্যাশিত সংখ্যক আসন ছাড়তে রাজি না হওয়ায় পরাজয়ের শঙ্কায় হতাশ জাপা নেতারা বৈঠকের ইতি টানেন। তারা বলেন, আওয়ামী লীগ ২৫-২৬ আসন ছাড়লেও নৌকার মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করে অর্ধেক আসনও জিততে পারবে না জাপা। এত কম আসন নিয়ে আগামী সংসদে প্রধান বিরোধী দল হতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপার এই বার্তা জানানোর অনুরোধ করা হয়। তখন আওয়ামী লীগ নেতারা বলেন, দলীয় সভাপতিকে অগ্রগতি জানানো হবে। আজ আবার বৈঠক হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ
বৈঠক সূত্র সমকালকে জানায়, আওয়ামী লীগ সর্বোচ্চ ১২ আসনে জাপাকে জয়ী করার দায়িত্ব নিতে রাজি হয়েছে। এসব আসনে নৌকা থাকবে না। সেখানে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নয়, স্থানীয় আওয়ামী লীগ কাজ করবে লাঙ্গলের পক্ষে। বাকি যেসব আসন ছাড়া হবে, সেখানে স্বতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে। স্বতন্ত্র প্রার্থী সরানো হবে না। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে কিছু আসনে জাপার জয়ের সুবিধার্থে নৌকাকে নিষ্ক্রিয় রাখা হবে। তবে এ প্রতিশ্রুতিতে আস্থা নেই জাপার।
