দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রাজবাড়ীর ২টি আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
১৭ ডিসেম্বর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু কায়সার খানের কাছে তারা মনোনয়ন প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি আসন থেকে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে লড়বেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান।
প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের মো. আবু বক্কর সিদ্দিক ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের মোহাম্মদ আলী বিশ্বাস ও রাজবাড়ী-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ।
রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনের জাকের পার্টির প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, দলীয় সিদ্ধান্তে রাজবাড়ীর দুইটি আসন থেকে আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করছি। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহারের আবেদন পত্র জমা দিয়ে রিসিভ কপি নিয়েছি। রাজবাড়ীর ২টি আসন
এই আসনের তৃণমূল বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বলেন, রাজবাড়ী-১ আসনে তৃনমূল বিএনপির কেন্দ্রীয় কমিটি দুইজনকে মনোনয়ন দিয়েছিল।পরবর্তী সময়ে কেন্দ্র থেকে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জানায়। তাই দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহারের জন্য আবেদন পত্র জমা দিয়েছি। দল যাকে নির্বাচন করতে দিয়েছে আমি তার পক্ষে মাঠে থাকব।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজবাড়ী-১ আসন থেকে ৯ জন ও রাজবাড়ী-২ আসন থেকে ৭ জনসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা রাজবাড়ী-১ আসন থেকে ৪ জনের ও রাজবাড়ী-২ আসন থেকে ৩ জনেরসহ মোট ৭ জনের মনোনয়নপত্র বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে দুইটি আসন থেকে আপিলে ৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়। আপিল শেষে রাজবাড়ী-১ আসন থেকে ৭ জন ও রাজবাড়ী-২ আসন থেকে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ছিল। মনোনয়নপত্র প্রত্যাহারারের শেষ দিনে রাজবাড়ী-১ও ২ আসনের জাকের পার্টির দুই প্রার্থী ও রাজবাড়ী-১ আসনের তৃনমূল বিএনপির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি আসন থেকে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে লড়বেন।
