দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে বন্ধ হবে প্রচার-প্রচারণা।
শেষ সময়েও ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
৪ জানুয়ারি দিনব্যাপী গণসংযোগ আর ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চেয়েছেন তিনি। আর বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা-১০ আসনের আওতাধীন বিভিন্ন এলাকার ও ওয়ার্ডে মিছিল এবং র্যালিও করেছেন নৌকার এই মাঝি।
সার্বিকভাবে শেষ সময়ের প্রচার-প্রচারণায় সন্তোষ প্রকাশ করে নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ঢাকা-১০ আসন বাংলাদেশের ৩০০টি আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা রয়েছে। আমি ইতোমধ্যেই বলেছি নির্বাচিত হলে এই আসনকে সারা দেশের জন্য একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব। ঢাকা-১০ হবে দশে ১০। শুধু কথায় নয় বরং কাজেও এটি বাস্তবায়ন করা হবে। দরজায় কড়া নাড়ছে
এছাড়া জয়ের ব্যাপারে আশা প্রকাশ করলেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক টিমের সদস্যসচিবের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মোরশেদ হোসেন কামাল। তিনি বলেন, সব মিলিয়ে আমরা ব্যস্ত সময় কাটিয়েছি। পুরো সময় জুড়েই নির্বাচনে প্রচারণায় মানুষের কাছাকাছি পৌঁছেছি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৫ জানুয়ারি সকাল ৮টার পর আর প্রচারণা চালাব না। এই কয়েক দিনে আমরা ভোটারদের দরজায় গিয়েছি। সাধারণ ভোটারদের প্রচুর সাড়া পেয়েছি। মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।
ভোটের দিন বিএনপির হরতাল কর্মসূচির বিষয়ে তিনি বলেন, মানুষ বিএনপির এসব কর্মসূচি গ্রহণ করছে না। তারা সুন্দর পরিবেশ চায়। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবে।
