আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি সরকারি চাকরির পরীক্ষা । তবে একই দিনে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে চাকরিপ্রার্থীরা। ইতোমধ্যে ওই দিন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া কাল শুক্রবারের চাকরির পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আগামী শনিবার অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পদের মৌখিক পরীক্ষা এবং ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার আওতাধীন আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭৩। ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।
চাকরিদাতা প্রতিষ্ঠানের কেউ আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কর্মসূচির কারণেই চাকরির পরীক্ষাগুলো স্থগিত করার কথা বলেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে রাজনৈতিক কারণকেই পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে দেখিয়েছেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীদের অনুরোধে মানবিক বিবেচনায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া তারা পরীক্ষা দিতে এসে কোনো ঝামেলায় পড়ুক, তা তারা চান না। তাই পরীক্ষা স্থগিত করা হয়েছে। সরকারি চাকরির পরীক্ষা
ডাক বিভাগের ৮টি পরীক্ষা স্থগিত
বাংলাদেশ ডাক বিভাগের অধীন পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের শনিবার অনুষ্ঠেয় আটটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই/নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে যথাসময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে পোস্টমাস্টার জেনারেলের একজন কর্মকর্তা বলেন, ‘প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনেক প্রার্থী ই-মেইলে ও ফোনে আমাদের কাছে অনুরোধ করেছিলেন পরীক্ষা পেছানোর জন্য। সব প্রার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এজন্য আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
