প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মার্কিন এক তরুণী। এরপর বিয়ে করে সংসার করছেন পাবনার ঈশ্বরদীতে।
জানা যায়, মার্কিন ওই তরুণীর নাম হারলি এবেগেল আইরিন ডেভিডসন (২০)। তিনি যুক্তরাষ্ট্রের কেনটাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম হয় ঈশ্বরদী উপজেলা সদরের পিয়ারাখালী মহল্লার মো. আসাদুজ্জামানের (২৭) সঙ্গে। গত ১৮ অক্টোবর বাংলাদেশে আসেন আইরিন। এরপর ১৯ অক্টোবর তারা ইসলামি শরিয়াহ মোতাবেক আসাদুজ্জামানকে বিয়ে করেন। বর্তমানে তারা মহল্লার একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেছেন। প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে
আসাদুজ্জামান বলেন, তিনি আউটসোর্সিংয়ের কাজ করেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয় হয়। তেমনি ২০২২ সালে হারলির সঙ্গে পরিচয়। তখন জানতেন না মেয়েটির বাড়ি কোথায়। ফেসবুকে দুজনের কথা হতো। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, ভালো লাগা। একপর্যায়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দূরত্ব। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে কথা শুরু হয়। দুই পরিবারই বিয়েতে সম্মতি দেয়। এর পরিপ্রেক্ষিতে হারলি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘প্রথম দিকে নতুন পরিবেশে মানাতে হারলির একটু কষ্ট হচ্ছিল। খাবার নিয়ে একটু সমস্যা হচ্ছে। তবে তিনি খুব আন্তরিকতার সঙ্গে পরিবেশ মানিয়ে নিচ্ছেন। কিছু কিছু বাংলা শিখেছেন। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলছেন। প্রতিদিন ঘুরে ঘরে গ্রাম দেখছেন।
বাংলাদেশে আসার বিষয়ে হারলি আইরিন ডেভিডসন জানান, ‘বাংলাদেশ নিয়ে অনেক নেতিবাচক কথা শুনেছিলেন। তাই একটু ভয় ছিল। তবে এসে দেখেন, সেসব সত্য নয়। এই দেশ, দেশের মানুষ অনেক ভালো। আসাদুজ্জামানের পরিবারও খুব ভালো। তাই সব মিলিয়ে তিনি খুব খুশি।
