নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন জয়পুরহাট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম দুদু। এ সময় তিনি শিক্ষকদের কাছে ভোটও চান বলে জানিয়েছেন ওই সভায় উপস্থিত একাধিক ব্যক্তি।
১৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে সাড়ে তিন ঘণ্টা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৫টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষক অংশ নেন। সভায় সামছুল আলম দুদুকে প্রধান অতিথি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মণ্ডল। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন
সভায় পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মহিরউদ্দিন মণ্ডল, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জিহাদ মণ্ডল বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আমরা বুধবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পাঁচবিবি পূর্ব অঞ্চলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বসেছিলাম। এতে পাঁচবিবি উপজেলার কুসুম্বা, বালিঘাটা, মোহাম্মদপুর, আটাপুর ও আওলাই ইউনিয়নের ২৫টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০০ জন শিক্ষক অংশ নেন। আমরা বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ক্যাটাগরি আলাদা করে ইতোমধ্যে বসা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে শিক্ষকদের সাথে বসছিলাম। এরপরে বসব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে। এর আগে পাঁচবিবি বণিক সমিতির সঙ্গে বসেছিলাম। যেহেতু ১৮ ডিসেম্বর পর্যন্ত কোন প্রচার-প্রচারণা নেই, এজন্য উনাদের সঙ্গে আমরা মতবিনিময় সভা করছি।
ওই সভায় উপস্থিত ছিলেন পাঁচবিবি উচাই জেরকা এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফির উদ্দিন আকন্দ। তিনি বলেন, মঞ্চ করে প্রোগ্রাম ছিল। তিনি (এমপি) বলেছেন, আমি শেষ বারের মতো এমপি প্রার্থী। আপনারা তো বিভিন্ন দায়-দায়িত্বে থাকেন। আমার ভালো-মন্দ দিক একটু বিবেচনা করবেন।
