বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তামিম ইকবাল থাকবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিল বোর্ড। তার ভবিষ্যত পরিকল্পনা না জানায় বোর্ড কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে পারছিল না। ওই সমস্যার সমাধান করে দিয়েছেন তামিম।
বোর্ডকে তিনি জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস রোববার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে তামিম বোর্ডকে অনুরোধ করেছেন। কেন্দ্রীয় চুক্তিতে তামিম ইকবাল
সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘তামিম জানিয়েছে, তার নিজস্ব কিছু পরিকল্পনা আছে। সেজন্য তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য আমাদের অনুরোধ করেছে। জাতীয় নির্বাচনের পরে সে পরবর্তী সিদ্ধান্ত নিতে বোর্ড সভাপতির সঙ্গে বসবেন। ওই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
তামিম ইকবাল সর্বশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন। শেষ পর্যন্ত বিশ্বকাপে যাওয়া হয়নি তার। তিনি সর্বশেষ কেন্দ্রীয় চুক্তির ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে ছিলেন। তবে ক্রিকেটে এখন আর নিয়মিত না হওয়ায় আগামী কেন্দ্রীয় চুক্তিতে তার থাকার সম্ভাবনা কম ছিল।
জালাল ইউনুস বলেন, ‘তামিমের ব্যাপারে আগেও আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। বিসিবির ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ করেছন তামিম ইকবাল।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও বলেন, ‘সিলেক্টররা সেন্ট্রাল কন্টাক্ট নিয়ে বসেছিল। একটা ড্রাফট দেয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে। বিসিবি সভাপতির সঙ্গে তামিমের বসার কথা আছে। নিজের ফিউচার প্ল্যান জানাবে। তার আগে কন্টাক্টে না রাখার অনুরোধ করেছেন তিনি। বসার পরে জানাবেন কী করতে চাচ্ছেন।
