যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া । শুক্রবার রাতভর এই হামলায় এ পর্যন্ত ইউক্রেনে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ১৬০ জনেরও বেশি। নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর ইউক্রেনে ১১০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। যদি জেলেনস্কির দেওয়া তথ্য সঠিক হয়, তাহলে এর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইউক্রেনে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারি অভিযান শুরুর পর থেকে এই প্রথম এত বড় মাত্রার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি জানিয়েছেন, বিমান বাহিনীর সেনারা মোট সেসবের মধ্যে ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছেন। শুক্রবার রাত থেকে ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র-ড্রোন। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার এ হামলা শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। যা সারারাতব্যাপী চলে। এ সময়ের মধ্যে ছয়টি শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। যার মধ্যে রয়েছে রাজধানী কিয়েভও। এছাড়া যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরের লভিভেও পৌঁছেছে রুশ বাহিনীর মিসাইল।
জেলেনস্কি দাবি করেছেন, বেশিরভাগ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। তা সত্ত্বেও কিছু মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে অসংখ্য মানুষ আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে।
