এই তো কয়েকদিন আগে ব্রাজিলের দীর্ঘ অপেক্ষায় জল ঢেলে দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়ান কার্লো আনচেলত্তি।
এরপর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্ভাব্য কোচের তালিকায় কয়েকজনকে নিয়ে আলোচনা শুরু হয়।
যেখানে নাম আছে কিংবদন্তি কোচ জোসে মরিনহোরও। বর্তমানে তিনি ইতালিয়ান ক্লাব এএস রোমার হয়ে ডাগআউট সামলাচ্ছেন। এরই মাঝে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে তাকে জড়িয়ে খবর বেরোনোর বিষয়ে কথা বলেছেন মরিনহো।
ব্রাজিল কোচ করার বিষয়ে এখনও তার সঙ্গে কথা বলেনি বলে জানিয়েছেন এই পর্তুগিজ কোচ। সেলেসাও সংবাদমাধ্যম ‘গ্লোবো’তে তার বরাত দিয়ে বলা হয়– ‘ব্রাজিল? আমি এর সত্যতা সম্পর্কে জানি না। তারা আমার সঙ্গে কথা বলেনি। আমি এজেন্টকে বলে দিয়েছি যে যতক্ষণ না আমার ব্যাপারে ক্লাব (রোমা) অনাগ্রহ দেখাবে, তার আগপর্যন্ত যাতে অন্য কারও সঙ্গে কথা না বলে। ব্রাজিলের দীর্ঘ অপেক্ষায় জল
রোমা কর্তৃপক্ষের ওপর পূর্ণ আস্থা রেখে মরিনহো বলেন, ‘আমি এই কাজের সঙ্গে অন্য পরিচালকদের যুক্ত করার গুঞ্জনে বিশ্বাস করি না। আমি ফ্রিডকিন গ্রুপে (রোমার আমেরিকান মালিকদের) আস্থা পেয়েছি। আমি তাদের সততা নিয়ে সন্দেহ করি না এবং আমার মনে করার কোন কারণ নেই যে তারা আমার পেছনে অন্য কোচদের সঙ্গে আলোচনা করছে।
এদিকে, গ্লোবো আরেক সংবাদমাধ্যম ‘কোরিইরে ডেলো স্পোর্ট’–এর বরাতে বলছে, জানা গেছে সিবিএফের প্রতিনিধি ইতোমধ্যে মরিনহোর ম্যানেজার জর্জ মেন্ডেসের সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলেছে। পর্তুগিজ এই ফুটবল কোচের সঙ্গে রোমার চুক্তির মেয়াদ আছে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত। এখন পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে দু’পক্ষকে ইতিবাচক অবস্থানে দেখা যায়নি।
