প্রায় অর্ধেক ইসরায়েলি চান না ফিলিস্তিনের গাজা উপত্যকায় সেনাবাহিনী স্থল অভিযান চালাক ।
ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভ নতুন এ জরিপটি চালিয়েছে। এই জরিপে অংশ নেওয়া ৪৯ শতাংশ ইসরায়েলি জানিয়েছেন, তারা গাজায় স্থল অভিযান চান না। ২৯ শতাংশ স্থল হামলার পক্ষে মতামত দিয়েছেন। আর ২২ শতাংশ কোনোটিরই পক্ষে মত দেননি।
মূলত হামাস তাদের হাতে আটক চার বন্দিকে ছেড়ে দেওয়ার পর সাধারণ মানুষের মতামতে পরিবর্তন এসেছে। তারা এখন চান কূটনীতির মাধ্যমে বন্দিদের ছাড়িয়ে নেওয়ার পথে হাঁটা হোক। স্থল অভিযান চালাক
এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় তাদের কাছে থাকা অন্তত ৫০ জিম্মি প্রাণ হারিয়েছেন। তবে তাদের এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
হামাস গত ৭ অক্টোবর হামলা চালানোর প্রায় দুই সপ্তাহ পর ঠিক এমন একটি জরিপ চালানো হয়েছিল। তখন প্রায় ৬৫ শতাংশ ইসরায়েলি মতামত দিয়েছিলেন তারা চান,গাজায় সেনারা গিয়ে হামাসকে নির্মূল করুক। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই অবস্থান থেকে সরে এসেছেন অনেকে।
গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে ছয় হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক।
