প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৯ বছর পর আজ রোববার নরসিংদী যাচ্ছেন। উদ্বোধন করবেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা’। এর মাধ্যমে দেশের অভ্যন্তরে সারের ঘাটতি পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ।
এখান থেকে বছরে উৎপাদন হবে প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় ৩০ হাজার মানুষের। আজ বেলা সাড়ে ১১টায় হেলিকপটারযোগে ঢাকা থেকে ঘোড়াশালের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টায় ফার্টিলাইজার প্ল্যান্টটি ঘুরে দেখবেন। একটি পয়েন্টে প্রধানমন্ত্রীকে সংক্ষিপ্ত ব্রিফ দেওয়া হবে।
পরে সার কারখানা চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পসহ ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্
দুপুর ২টা ৫০ মিনিটে নরসিংদী মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। জনসভায় ৭ লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর টার্গেট। জনসভা শেষে বিকাল ৫টায় সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্মিত হেলিপ্যাড থেকে হেলিকপটারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকাল ৫টা ২০ মিনিটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সবশেষ ২০০৪ সালে নরসিংদী জেলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ১৯ বছর পর আসন্ন দ্বাদশ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নরসিংদী আগমনে খুশি দলীয় নেতাকর্মীরা। জেলা জুড়ে উৎসবের আমেজ, সাজ সাজ রব। সড়ক মহাসড়কের আশপাশে বিল বোর্ড ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছে নরসিংদীবাসী। রাজধানী ঢাকার পার্শ্ববর্তী কৃষি ও শিল্প সমৃদ্ধ এই জেলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও আধুনিক স্টেডিয়াম নির্মাণের জোর দাবি জানিয়েছেন। জনসভা থেকে প্রধানমন্ত্রী এই ব্যাপারে দিকনির্দেশনা দিবেন এমন আশায় বুক বাঁধছেন জেলার ২৪ লাখ মানুষ।
