রংপুর জেলায় পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবি ছিল বহু দিনের। ২০১১ সালে রংপুর সফরে এসে সেই দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রংপুরে পাইপলাইনে প্রাকৃতিক গ্যাস সংযোগ সম্প্রসারণের সিদ্ধান্ত নেন সরকার। শুরু হয় বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারী পর্যন্ত গ্যাস সঞ্চালনের পাইপলাইন স্থাপনের কাজ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে প্রস্তুত করা হয়েছে বগুড়া থেকে ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালনের পাইপলাইন। কমিশনিং প্রক্রিয়ার পর এবার উত্তরবঙ্গবাসীর স্বপ্নের গ্যাস পাইপ লাইন উদ্বোধনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বগুড়া-রংপুর-সৈয়দপুর সঞ্চালন পাইপ লাইন উদ্বোধন করবেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বগুড়া-রংপুর-সৈয়দপুর সঞ্চালন পাইপ লাইন প্রকল্পের পরিচালক খন্দকার আরিফুল ইসলাম।
তিনি বলেন, রংপুরের পীরগঞ্জ প্রান্তে আগুন জ্বালিয়ে দেখানো হবে। প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আর পীরগঞ্জ প্রান্তে থাকবেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রূখসানা নাজমা ইসহাক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য রাষ্ট্রীয় দুটি কোম্পানি কাজ করছে। সঞ্চালনের দায়িত্বে রয়েছে জিটিসিএল, আর বিতরণ অংশের প্রকল্পের দায়িত্বে রয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। সঞ্চালন কোম্পানি বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ শেষ করেছে। তবে বিতরণ লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত গ্রাহকরা এর সুবিধা পাচ্ছেন না।
পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সঞ্চালনের উদ্বোধনের পাশাপাশি বিতরণ লাইনের কাজ উদ্বোধন করা হবে। কোম্পানিটি বিতরণ লাইন নির্মাণের জন্য পৃথক প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় থাকছে ১০০ কিলোমিটার পাইপ লাইন। এরমধ্যে রংপুর শহরে ৪৪ কিলোমিটার, পীরগঞ্জে ১০ কিলোমিটার, নীলফামারী ও উত্তরা ইডিজেড এলাকায় ৪৬ কিলোমিটার। বিতরণ লাইন নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের জুনের মধ্যে। প্রাকৃতিক গ্যাস সরবরাহের দাবি
এদিকে শুধু নির্দিষ্ট সংখ্যক বৃহৎ কোনো প্রতিষ্ঠানকে নয়, ক্ষুদ্র শিল্পকেও সমানভাবে গুরুত্ব দেওয়াসহ দ্রুত সময়ের মধ্যে সরবরাহের দাবি শিল্পোদ্যোক্তাদের। তারা বলছেন, গ্যাস সরবরাহ না থাকায় প্রাচীন এ জেলায় ভারী শিল্প ও কলকারখানা গড়ে ওঠেনি। তবে পাইপলাইন উদ্বোধনের পর গ্যাস সরবরাহ শুরু হলে এ অঞ্চলে শিল্প বিপ্লব ঘটবে।
