রাজধানীর ডেমরায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা প্রবাসী আনোয়ার হোসেন, তার বোন জান্নাত ও ভগিনীপতি আবু তাহেরকে ছুরিকাঘাত করে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, ভোরের দিকে ভাড়া করা মাইক্রোবাসে এয়ারপোর্ট থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এ সময় প্রবাসী আনোয়ারে সঙ্গে থাকা নগদ ১৮ হাজার রিয়াল, ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নতুন একটি স্মার্ট মোবাইল ছিনিয়ে নেয় তারা।
খবর পেয়ে প্রবাসীর ছোট ভাই মাসুম আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
প্রবাসী আনোয়ার হোসেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিবপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।
প্রবাসীর ভাই মাসুম জানান, পাঁচ বছর সৌদি থাকার পর বিয়ে করার জন্য বুধবার ভোরে আনোয়ার হোসেন দেশে আসেন। তাকে আনতে বোন ও ভগিনীপতি এয়ারপোর্টে যান। তারা ভাড়া করা একটি মাইক্রোবাসে গ্রামে আসার জন্য রওনা হন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এলে একটি প্রাইভেটকার তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার থেকে ৬-৭ জন ছিনতাইকারী নেমে গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। পরে ধাড়ালো অস্ত্র বের করে তারা টাকা পয়সা ও সঙ্গে থাকা সব দিয়ে দিতে বলে।
এ সময় প্রতিবাদ জানালে ছিনতাইকারীরা তার ভাই, বোন ও ভগিনীপতিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। ভাই ও বোন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও ভগিনীপতিকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজধানীর ডেমরায় গোয়েন্দা পুলিশ
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আহতদের একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে পুলিশ, ডিবি, র্যাব ও পিবিআইসহ সংশ্লিষ্ট সব আইন প্রয়োগকারী সংস্থা যার যার মতো করে কাজ করছে। এয়ারপোর্ট থেকেই ডেমরা পর্যন্ত প্রয়োজনীয় সব সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
