ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল । টানা দেড় মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতালের মতো স্থাপনাও।
এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমনকি গাজায় চলমান বর্বরতা বিশ্ব আর মোটেই বসে বসে দেখতে পারে না বলেও জানিয়েছে দেশটি।
সংবাদমাধ্যমটি বলছে, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার।
আফ্রিকার এই দেশটির প্রেসিডেন্সির মন্ত্রী খুম্বুদজো এনতশাভেনি বলেছেন, আইসিসি যদি এটি না করে তবে তা সংস্থাটির বৈশ্বিক শৃঙ্খলা রক্ষায় ‘সম্পূর্ণ ব্যর্থতার’ ইঙ্গিত দেবে।
তিনি বলেন, (গাজায় যা হচ্ছে, তাতে) বিশ্ব কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে না।
মূলত গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।
ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১৩ হাজার ৩০০ জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যাই সাড়ে ৫ হাজারের বেশি।
এছাড়া হামলায় নিহতদের মধ্যে তিন হাজারেরও বেশি নারী রয়েছেন। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরায়েল বলেছে, গাজায় হামলার সময় তারা বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর চেষ্টা করছে। হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
তবে খুম্বুদজো এনতশাভেনি বলেছেন, ইসরায়েলি সরকার ‘অধিকাংশ ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দেওয়ার এবং ভূখণ্ডটি দখল করার’ চেষ্টা করছে।
উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা তদন্ত করতে বাংলাদেশ, বলিভিয়া, কোমোরোস এবং জিবুতিসহ দক্ষিণ আফ্রিকা আইসিসির কাছে একটি আবেদন জমা দিয়েছে।
