খুলনার ছয়টি সংসদীয় আসনের তিনটিতে চমক রেখে নৌকার মাঝি পরিবর্তন হয়েছে । এর মধ্যে দুটিতে বর্তমান সংসদ সদস্যের পরিবর্তে নতুন মুখ ও একটিতে সাবেক সংসদ সদস্যকে প্রার্থী করা হয়েছে। এছাড়া বাকি তিনটি আসনের বর্তমান সংসদ সদস্যরাই পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে সকাল থেকে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎ করেন।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বর্তমান সংসদ সদস্য ও হুইপ পঞ্চানন বিশ্বাসের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ননি গোপাল মন্ডল। নৌকার মাঝি পরিবর্তন হয়েছে
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাহউদ্দিন জুয়েল।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের পরিবর্তে প্রথমবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
এছাড়া পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। আর খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. রশীদুজ্জামান।
ননি গোপাল মন্ডল
জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য ননি গোপাল মন্ডল। তিনি ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জয়লাভ করে এমপি হন
শেখ সালাউদ্দীন জুয়েল
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দীন জুয়েল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
এসএম কামাল হোসেন
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে বর্তমান সংসদ সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের পরিবর্তে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
আব্দুস সালাম মুর্শেদী
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা মারা যাওয়ার পর খুলনা-৪ (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা নিয়ে গঠিত) আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন আব্দুস সালাম মুর্শেদী।
নারায়ন চন্দ্র চন্দ
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি ২০১৪ সালের ২৫ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২ জানুয়ারি পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ২০১৮ সালের ২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।
মো. রশীদুজ্জামান
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. রশীদুজ্জামান।
