নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত না হওয়ার আগে আচরণবিধি প্রয়োগের বিষয় নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, রিটার্নিং অফিসার যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণার পর প্রতীক বরাদ্দ দেবেন। তারপর আচরণবিধি প্রয়োগের সময় আসবে। এর আগে কোনো রাজনৈতিক দল লাঙ্গল, নৌকা বা পাখি নিয়ে প্রচারণা করেন তাতে কোনো রকম বাধা নেই। গতকাল রোববার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ২০০৮ সালের আচরণবিধি হচ্ছে প্রার্থীর ক্ষেত্রে। মনোনীত প্রার্থী, সম্ভাব্য প্রার্থী এরা কেউ প্রার্থী নন। প্রার্থী হচ্ছেন যিনি চূড়ান্তভাবে মনোনয়ন দাখিল করার পরে যোগ্য প্রার্থী হওয়ার পর প্রতীক বরাদ্দ পাবেন। সেদিন থেকে নির্বাচনি প্রচারণার সুযোগটা তাদের দেওয়া হবে। নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত
চূড়ান্তভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবে উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, যখন রিটার্নিং অফিসার তাদের যোগ্য হিসেবে তালিকা প্রকাশ করবেন। তখন আমরা তাদের নিয়ন্ত্রণ করব। দেখব তারা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে কি না? করলে আমরা তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
প্রধানমন্ত্রীর মিটিং প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মিটিং করলে তাতে অসুবিধা কোথায়? কারণ আচরণ বিধি প্রয়োগের সময় তো এখনো আসেনি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শোডাউন করে নমিনেশন নেওয়া হচ্ছে আমাদের কোনো আইনেই বলা নেই দলীয় ফরম কেনার সময় তারা শোডাউন করতে পারবে না, গাড়ি-ঘোড়া নিয়ে যেতে পারবেন না, দলবদ্ধভাবে যেতে পারবেন না।
