আইপিএল আসরের তোড়জোড় শুরু করেছে ভারত। অর্থের ছড়াছড়ি ও চাকচিক্যময় এই ফ্র্যাঞ্চাইজি আসরে বিশ্বের নামি তারকারাও খেলতে মুখিয়ে থাকেন।
যার প্রমাণ মেলে ৭৭ স্লটের বিপরীতে ১১৬৬ জন ক্রিকেটারের নাম জমা দেওয়ার ঘটনা। আগামী ১৯ ডিসেম্বর প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যেখানে নজর কাড়তে পারেন সর্বশেষ বিশ্বকাপ আসরে ব্যাট-বলে নৈপুণ্য দেখানো ক্রিকেটাররা। এবারের নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য আড়াই কোটি টাকারও বেশি, সেই তালিকায় ২৫ ক্রিকেটারের নাম রয়েছে।
নিলামের জন্য নাম নথিভুক্ত করা ক্রিকেটারদের তালিকায় স্বাভাবিকভাবেই ভারতীয়দের সংখ্যা বেশি। স্বাগতিক দেশটির হয়ে এবারের নিলামে নাম জমা দিয়েছেন ৮৩০ ক্রিকেটার। বিভিন্ন দেশের ক্রিকেটার আছেন ৩৩৬ জন। এদের মধ্যে ২১২ জনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
তবে এখনও আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়নি এরকম ক্রিকেটার আছেন ৯০৯ জন। এছাড়া সহযোগী দেশের ৪৫ ক্রিকেটারও এবার আবেদন করেছেন।
আসন্ন আইপিএলের ড্রাফটে আছেন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্রসহ আরও অনেক বড় তারকারা। ইনজুরির ঝুঁকি নিয়েও নাম দিয়েছেন জশ হ্যাজলউড ও শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে একই কারণে তালিকায় নাম নেই ইংল্যান্ডের জোফরা আর্চারের। আইপিএল আসরের তোড়জোড়
জানা গেছে, স্টার্ক, কামিন্স, হেড, মিচেল, রবীন্দ্র ও হ্যাজলউডকে নিয়ে এবারের নিলামে বেশ প্রতিযোগিতা চলতে পারে। নিলামে ২৫ ক্রিকেটারের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৮ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে হার্শাল প্যাটেল, কেদার যাদব, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। ভারতের বাকি ১৪ রয়েছেন ৫০ লক্ষ রুপি দামের তালিকায়।
এছাড়া সর্বোচ্চ ভিত্তিমূল্যের ঘরে বিদেশিদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের মুজিব-উর রহমান, অস্ট্রেলিয়ার শন অ্যাবট, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, লকি ফার্গুসন, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, ইংল্যান্ডের টম ব্যান্টন, হ্যারি ব্রুক, বেন ডাকেট, জেমি ওভারটন, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে, রাইলি রুশো, রসি ভ্যান ডার ডুসেন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
