পৃথিবীর তাপমাত্রা বেড়ে আবহাওয়া চরমভাবাপন্ন হচ্ছে । জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক দেশের মতো বাংলাদেশেও বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, নদীভাঙন, জলাবদ্ধতা, মাটির লবণাক্ততা গত এক দশকে বহুলাংশে বেড়েছে।
এই পরিবর্তন ঠেকাতে জলবায়ু সুরক্ষায় পাঁচ দফা লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। তবে এর বিরুদ্ধে নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন উন্নত দেশগুলোর প্রতিনিধিরা। এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ২৮) পাল্টাপাল্টি বিতর্ক শুরু হয়েছে। গতকাল শনিবার দুবাইয়ের এক্সপো সিটি-২০২০ এ অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে এই বিতর্ক জোরালো হয়। পাঁচ দফা লক্ষ্য বিষয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। আবহাওয়া চরমভাবাপন্ন হচ্ছে
আলোচকরা শুরুতেই জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সার্বিক চিত্র নির্ণয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। এ দিন বাংলাদেশ সরকারের পক্ষে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। আলোচনায় থাকা পাঁচটি বিষয়ের মধ্যে রয়েছে অভিযোজন, কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেষ মুহূর্তে কপ২৮ এ যোগদানের পরিকল্পনা বাতিল করায় সম্মেলনের সফলতা নিয়ে যে হতাশা সৃষ্টি হয়েছিল, দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের এক ঘোষণায় নতুন আশার সঞ্চার করেছে। ১৩ দিনের এ সম্মেলনের তৃতীয় দিনে গতকাল তিনি গ্রিন ক্লাইমেট ফান্ডের জন্য ৩০০ কোটি ডলার অনুদান ঘোষণা করেন, যা এ যাবৎকালে এই খাতে সবচেয়ে বড় অনুদান।

