মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ যখনই দেশের শাসন ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনার উন্নয়ন দেখে বিশ্বের উন্নত দেশগুলোর সরকারপ্রধানরা তাকে উন্নয়নের জাদুকর বলে থাকেন, কিন্তু অন্যরা দেশের শাসন ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট-পাট করে। তাই আবারো শেখ হাসিনাকে দেশের শাসন ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।
রোববার বিকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়ায় আওয়ামী লীগের একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। হাসিনার সরকার কাজ করে
এ সময় তিনি বলেন, গত ৫ বছরে (২০১৯-২৩) এলাকার (পিরোজপুর-১) যে উন্নয়ন হয়েছে তা গত ৪০ বছরেও হয়নি। এর আগে (২০০৮-১৮) টেন্ডার, নিয়োগ বাণিজ্য ও মাদক ব্যবসায়ীদের কাছে এলাকাবাসী জিম্মি ছিলেন।
তিনি বলেন, আমি গত ৫ বছরে কারো কাছ থেকে কোনো কাজের বিনিময় এককাপ চা খাইনি। গত ৫ বছরে এলাকায় কোনো ঘুস-দুর্নীতি হয়নি। এলাকার মানুষের কাছে মন্ত্রী হিসেবে নয়, আপনাদের সেবক ও শেখ হাসিনার একজন কর্মী হিসেবে থেকেছি। আজীবন আপনাদের সন্তান ও সেবক হিসেবে পাশে থাকতে চাই।
স্থানীয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন বিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা মো. সাইফুল ইসলাম সাইফ, বীর মুক্তিযোদ্ধা কাজী মোসলেম উদ্দিন প্রমুখ।
