দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের আওতাধীন পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রামপুর সওদাগর বাড়ি মধুপুরের একাংশের ভোটারদের জন্য কোনো ভোটকেন্দ্র রাখা হয়নি।
ওই ওয়ার্ডের ৫ হাজার ২৩৭ জন ভোটারকে ভোট প্রদানের জন্য আসতে হবে পৌর দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবনে। জেলা নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত সংসদীয় আসন ২৬৬ তথা ফেনী-২ আসনের ভোটকেন্দ্রগুলোর তালিকা থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জাতীয় সংসদ নির্বাচনে পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভোটাররা রামপুর হাফেজিয়া মাদরাসা এবং পশ্চিম উকিলপাড়ায় চাইল্ডস হ্যাভেন প্রি-ক্যাডেট ইনস্টিটিউট কেন্দ্রে ভোট প্রদান করতেন। এই কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছে ২ হাজর ৫৯৯ জন এবং নারী ভোটার ২ হাজার ৬৩৮ জন। এখন শহরের একপ্রান্তের ভোটারদের ভোটকেন্দ্র অন্যপ্রান্তে সরিয়ে আনায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
১৮ নম্বর ওয়ার্ডের একাধিক ভোটার অভিযোগ করে প্রতিবেদককে বলেন, শহরের একপ্রান্তে আমাদের বাড়ি আর অন্যপ্রান্তে ভোটকেন্দ্র করা হয়েছে। এতে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসতে হলে প্রায় একশ টাকা ভাড়া গুণতে হবে। ভোটারা কেন্দ্রে যেতে আগ্রহ প্রকাশ করবে না। রামপুর সওদাগর বাড়ি
স্থানীয় বাসিন্দা ও জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতার দাবি, ১৮ নম্বর ওয়ার্ডটি বিএনপি অধ্যুষিত কেন্দ্র। এখানে বিএনপির ভোট বেশি। সেজন্যই এটিকে ২ নম্বর ওয়ার্ডের মধ্যে স্থানান্তর করা হয়েছে যাতে জনসাধারণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। সর্বশেষ ফেনী পৌর নির্বাচনেও এ ওয়ার্ডের ভোটাররা ভোট দিয়েছিল রামপুর হাফেজিয়া মাদরাসা কেন্দ্রে। যেহেতু বিএনপি এবার নির্বাচনে অংশগ্রহণ করেনি তাই এই কেন্দ্রটিকে পরিকল্পিতভাবে ওখানে স্থানান্তর করা হয়েছে।
এই প্রসঙ্গে ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বলেন, চাইল্ডস হ্যাভেন স্কুলটি আগে ছিল, বর্তমানে এটি আর নেই। একই এলাকায় অন্য কোনো স্থাপনায় কেন ভোটকেন্দ্র করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমার জানা নেই।
