আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জাতির পিতার কন্যা কারও কাছে মাথা নত করি না, মাথা নত করব না।
তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে। আমি গ্যাস বিক্রি করতে চাইনি বলে ষড়যন্ত্র করে আমাকে আসতে দেয়নি।
মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে।
এর আগে দুপুর ১টার দিকে কোরআন তেলাওয়াত, গিতা ও বাইবেল পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। জাতির পিতার কন্যা
নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসেন।
ফরিদপুরের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলের প্রার্থী, তাদের নেতাকর্মীরা মিছিল করে এই সমাবেশে যোগ দিয়েছেন। সবুজ, খয়েরি, হলুদ, সাদাসহ বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা।
সমাবেশ পরিচালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শা মো. ইশতিয়াক আরিফ।
আ.লীগ সরকার অসহায় বৃদ্ধের জন্য বয়স্ক ভাতা চালু করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৯ লাখ ১০ হাজার প্রতিবন্ধিকে ভাতা দেয়া হয়। সারাদেশে বিনামূল্যে বই দেয়ার ব্যবস্থা করছে সরকার। মায়েদেরকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করি আমরা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছি। ২০২৩ সালে সাড়ে ১২ হাজার টাকায় উন্নীত করেছি।
