ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানিগুলোর কাছ থেকে পাওনা আদায়ে জনগণকে জিম্মি করেছে সাবমেরিন কেবল কোম্পনি। ৩৮৪ কোটি টাকার বকেয়া পরিশোধ না করায় আইআইজিগুলোর ৫০০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ সীমিত (ডাউন) করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ১২টার পর থেকে সাবমেরিন কেবলের এমন জনবিরোধী উদ্যোগে দেশব্যাপী ইন্টারনেটে গতি কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো গ্রাহক।
সাবমেরিন কেবল থেকে ব্যান্ডউইথ কিনে মোবাইল অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) কাছে সরবরাহ করে আইআইজি কোম্পানিগুলো। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে
সাবমেরিন কেবলের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ জানিয়েছেন, ৩৪টি আইআইজির মধ্যে ১৯টির ব্যান্ডউইডথ সরবরাহ সীমিত করা হয়েছে। তিনি বলেন, কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করে। কিন্তু সরকারের রাজস্ব পরিশোধ করেনা। বার বার বলার পরও তারা বকেয়া পরিশোধ করেনি। তাই, বাধ্য হয়ে ব্যান্ডউইথ বন্ধ করা হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক সমস্যা হচ্ছে স্বীকার করেন তিনি৷
এর আগে পাওনা আদায়ে ব্যবস্থা নিতে সাবমেরিন কেবল গত ১৩ জুলাই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে চিঠি দেয়। মন্ত্রণালয় ৯ আগস্ট টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়ে বিষয়টি সুরাহা করতে বলে। বিটিআরসি ১৪ সেপ্টেম্বর আইআউজি অ্যাসোসিয়েশনকে (আইআইজিএবি) বকেয়া পরিশোধের জন্য চিঠি দেয়।
আইআইজিএবির মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, বকেয়ার জন্য ৯টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এর চেয়ে বেশি অপারেটরের ব্যান্ডউইডথ সীমিত করা হয়েছে। আগে জানানো হয় নি।
