বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ১০টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এতে পাঁচটি বাস, তিনটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও ৩৬০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে ১৮টি। এসব মামলায় এক হাজার ৭৮৫ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন জানান, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ ২১টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনার মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন-পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন রনি, আশিকুর রহমান পান্না, ও বিল্লাল হোসেন। মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়া ও ঢাকার আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, ৩০ নভেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাচনি আসনগুলোর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সমমনা দলগুলোর টানা
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর জানায়, মঙ্গলবার রাতে ঢাকা সিটিতে ১টি, গাইবান্ধায় ১টি ও শেরপুরে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট ও ২৫ জন কাজ করেন। রাত ১২টায় গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা চৌরাস্তায় ১টি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে একটার দিকে শেরপুরের নয়মাইলে ১টি ট্রাকে এবং রাত সোয়া ২টার দিকে ঢাকার আফতাবনগরে ১টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এছাড়া বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর খিলগাঁওয়ে তালতলায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে (বিআরটিসি) অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাজধানীর বারিধারায় রাত ৮টার দিকে বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
যাত্রাবাড়ী মাতুয়াইলে চলন্ত বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে হাসান নামের এক যাত্রী দগ্ধ হন। তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জনানো হয়, যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসে আগুনের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দেয়। তবে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
বুধবার রাত সাড়ে ৮টায় সিলেটের কদমতলী বাস টার্মিনালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়ায় চলন্ত কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া বগুড়ার শাজাহানপুরে খড়বোঝাই একটি ট্রাকে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
এদিকে বুধবার দিনের বিভিন্ন সময়ে শহীদবাগ, ফকিরাপুল মোড়, সেগুনবাগিচা, বনশ্রী-রামপুরা, সেন্ট্রাল রোডে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। সকালে সেগুনবাগিচায় মিছিল করে যুবদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বাবুবাজার ব্রিজ অবরোধ করে মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
বনানী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বনানী থানা ছাত্রদল। দুপুরে গুলশানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এছাড়া দুপুরে রাজধানীর প্রেস ক্লাব ও পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে গণতন্ত্র মঞ্চ। প্রেস ক্লাব, কাকরাইল ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট। বিজয়নগরে বিক্ষোভ মিছিল করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। একই এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতারা।
