আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অস্ত্রের জোরে সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নয়নই করেনি।
আওয়ামী লীগের শাসনামলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রার খণ্ডচিত্র তুলে ধরে তার দলের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট প্রদানের জন্য জনগণের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, একমাত্র নৌকা ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় আর অবৈধভাবে সংবিধান লংঘন করে ক্ষমতা দখলকারীরা দেশকে কিছুই দিতে পারেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়েজিত এক নির্বাচনী জনসভায় দেয়া ভাষণে এসব কথা বলেন। অস্ত্রের জোরে সংবিধান লংঘন
তিনি বলেন, ‘নূহ নবী একদা নৌকায় করে মহাপ্লাবনের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় মানবজাতিকে রক্ষা করেছিলেন। আপনারা এই নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। এই নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নতি হয়। অস্ত্র হাতে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারীরা দেশের কোনো উন্নতি করে না। তাদের সময় দেশের কোনো উন্নতি হয় নাই, উন্নতি হয়েছে একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। আমরা দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ দশমিক ৭ ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র যেখানে ২৫ ভাগ ছিল সেখানে আজকে হতদরিদ্রের হার মাত্র ৫ দশমিক ৬ ভাগ। ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে কেউ হতদরিদ্র থাকবে না।
আওয়ামী লীগের সভাপতি জনসভায় ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার নির্বাচনী আসনের দলীয় প্রার্থীদের সঙ্গে জনগণকে পরিচয় করিয়ে দেন এবং তাঁদের জন্য ভোট প্রত্যাশা করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের প্রার্থী আবদুর রহমান, মাগুরা-১ আসনের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান ও ফরিদপুর-৩ আসনের প্রার্থী শামীম হক সভায় বক্তব্য দেন।
বেলা সোয়া তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জনসভা মঞ্চে ওঠেন, তখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ ছাপিয়ে জনতার ব্যাপ্তি বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায়। শেখ হাসিনা জাতীয় পতাকা নেড়ে জনতাকে শুভেচ্ছা জানালে জনগণও প্রত্যুত্তর দেয়।
এর আগে পদ্মা সেতু পাড়ি দিয়েই ফরিদপুর পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর সফরকে কেন্দ্র করে ফরিদপুর যেন উৎসবের নগরীর রূপ নেয়।
আওয়ামী লীগ সূত্র জানায়, ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে জনসভার মধ্য দিয়ে দলীয় প্রধানের নির্বাচনী প্রচারণা শেষ করার কথা রয়েছে।
