চট্টগ্রামে চুরি হওয়া বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য উদ্ধার ও চক্রের প্রধানসহ চার সদস্যকে আটক করেছে র্যাব। চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে। আটক আসামিরা হলেন, কাভার্ড ভ্যান চালক মো. মিজানুর রহমান, জহিরুল ইসলাম, মো. রুবেল ও মেহেদী হাসান নয়ন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, চুরি হওয়া ৪ হাজার ৩০০ পিস রপ্তানিযোগ্য জিন্স প্যান্ট উদ্ধারসহ দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার জিন্স প্যান্টের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
গত ২ নভেম্বর মোহনা ট্রান্সপোর্ট লিমিটেডের মালিকানাধীন একটি কাভার্ড ভ্যানে গাজীপুরের অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড থেকে প্রায় ৯ হাজার পিস ডেনিম জিন্স প্যান্ট চট্টগ্রামের সীতাকুণ্ডের কেডিএস ডিপোতে নেওয়া হচ্ছিল।
পরদিন কেডিএস ডিপোতে পার্কিং করে চালক মো. মিজানুর রহমান মালামালের চালান কপি সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে গাড়িতে ফিরে আসে। একই দিন রাতে সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষ কাভার্ড ভ্যানটি কেডিএস ডিপোতে প্রবেশ করানোর জন্য চালক মিজানুর রহমানকে ফোন করলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায়। চট্টগ্রামে চুরি হওয়া
পরবর্তী সময়ে সিঅ্যান্ডএফ কর্তৃপক্ষ কেডিএস ডিপোতে খোঁজাখুঁজি করে মালামালসহ কাভার্ড ভ্যানের সন্ধান না পেয়ে বিষয়টি অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কোম্পানির পরিবহন কর্মকর্তা মো. আশরাফুল আলম খানকে অবহিত করেন। পরবর্তী সময়ে তারা নিশ্চিত হন চালক মো. মিজানুর রহমান ও তার সহযোগীরা জিন্স প্যান্টগুলো আত্মসাৎ করার উদ্দেশ্যে কাভার্ড ভ্যান নিয়ে কৌশলে পালিয়ে যায়।
