খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন এবং ইংরেজি নববর্ষ থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে ঢাকা মহানগর এলাকায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের আতশবাজি ও মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ পরিবেশে উৎসব সম্পন্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে।
সোমবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স অর্পিত ক্ষমতাবলে ডিএমপি কমিশনার এ আদেশ দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীরা বড়দিন পালন করবেন এবং ইংরেজি নববর্ষের আগে ৩১ ডিসেম্বর ঢাকা মহানগরী এলাকায় নগরবাসী স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। এসব ধর্মীয় ও আনন্দ উৎসব উদযাপনের সময়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে গতকাল (সোমবার) রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরণের আতশবাজি, পটকা ফুটানো, ফানুস ওড়ানো এবং মশাল মিছিল নিষিদ্ধ ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
এর আগে সন্ধ্যায় মিছিল ও শোভাযাত্রাসহ রাজনৈতিক কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পুলিশ সদরদপ্তর। সেখানে বলা হয়, ‘জননিরাপত্তার স্বার্থে বিজয় র্যালি, মিছিল, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোন প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।
