রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও ম্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টায় শুরু হয়ে ১৭ জানুয়ারি ২০২৪ রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন প্রথম দফায় ২৬ থেকে ২৯ জানুয়ারি, দ্বিতীয় দফায় ১ থেকে ৩ ফেব্রুয়ারি, তৃতীয় দফায় ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং চতুর্থ দফায় ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত করা যাবে।
‘এ, বি ও সি’ এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ৫ থেকে ৭ মার্চ ২০২৪ প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে। কেবল ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন সে, যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারো গুচ্ছ ভর্তি পরীক্ষাপদ্ধতিতে অংশগ্রহণ অথবা দেশের সব বিভাগীয় সদরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত না করায় অভিভাবকেরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক
তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সব বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের ভর্তি পরীক্ষা গ্রহণ করতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কেন পারবেন না, সেটি বোধগম্য নয়।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ভর্তির জন্য ‘এ’ (মানবিক) ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। ‘বি’ (বাণিজ্য) ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ আছে। ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল, ইংরেজি মিডিয়াম পড়ুয়া ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
